২৪ঘন্টা অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই তামার তার ও তারের প্লাস্টিক কভার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ (৫৩) ও মো. কামাল (৪২)। তাদের কাছ থেকে ৬২০ কেজি তামার তার, ২৩০ কেজি প্লাস্টিক কভার এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
র্যাব-২ সূত্র জানায়, ৯ জুলাই দিবাগত রাতে মোহাম্মদপুর থানার শের শাহ সুরি রোডের কাঠপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজত থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই পণ্য সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ ও পাচার করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও তেজগাঁও এলাকায় চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
