শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন ছবিতে চমকের ইঙ্গিত জয়ার

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ০৩:০৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: নতুন ছবিতে চমকের ইঙ্গিত জয়ারনতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তির আগে দর্শকদের জন্য বাড়তি চমকের আভাস দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “একটাই কথা বলতে পারি, এবার ডোজটা একটু কড়া।”

১০ জুলাই মুক্তি পাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। আগের ছবির জনপ্রিয় চরিত্রগুলো এবার ফিরছে নতুন গল্প ও ভিন্ন মাত্রা নিয়ে।

ছবির প্রচারণায় বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। তবে টানা ব্যস্ততা ও বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে কিছুটা অসুস্থও হয়ে পড়েছেন তিনি। ঠান্ডাজনিত সমস্যার মধ্যেও প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

মুক্তির আগে ছবিটির প্রদর্শনী হল নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও জানান জয়া। তার ভাষায়, দর্শকদের ব্যাপক আগ্রহ থাকলেও সব হলের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। একই সময়ে কয়েকটি হিন্দি ছবি মুক্তি পাওয়ায় হল বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তবে দর্শকদের আগ্রহ নিয়ে আশাবাদী জয়া। তিনি বলেন, “আগের ছবিটি দর্শক খুব পছন্দ করেছিলেন। এবার ট্রেলার প্রকাশের পর আগ্রহ আরও বেড়েছে। যেসব হলে ছবিটি নিশ্চিত হয়েছে, সেখানে অনেক শো আগেই হাউজফুল হয়ে গেছে।”

পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি কৌশিককে একজন অসাধারণ নির্মাতা, অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে উল্লেখ করে বলেন, সম্পর্কভিত্তিক গল্প নির্মাণে তার দক্ষতা অনন্য।

ছবির গল্প সম্পর্কে বেশি কিছু না বললেও জয়া জানান, এতে বেশ কিছু জটিল ও আবেগঘন মোড় রয়েছে। তার মতে, গল্পের কিছু পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে বাস্তব জীবনে কেউই এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চাইবে না।

উল্লেখ্য, ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্য্য। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন