২৪ঘন্টা অনলাইন : দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পরিচালক শ্যামল বসুর নতুন ছবি ‘দূরত্ব’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে কলকাতার বাইপাস সংলগ্ন এলাকায় ছবির শুটিং শুরু হয়েছে।
ছবির গল্পে উঠে এসেছে এক মা ও মেয়ের সম্পর্ক। সময়ের সঙ্গে বদলে যাওয়া পারিবারিক বাস্তবতা, কর্মব্যস্ত জীবনে আপনজনের জন্য সময়ের সংকট এবং সেই থেকে তৈরি হওয়া মানসিক দূরত্বই গল্পের মূল বিষয়।
নিজের চরিত্র নিয়ে মাধবী মুখোপাধ্যায় বলেন, তিনি এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করছেন, যিনি সন্তানের অপেক্ষায় জীবন কাটান। সন্তান নিজের সংসার ও কাজে ব্যস্ত হয়ে পড়লে বাবা-মায়ের নিঃসঙ্গতা কীভাবে বাড়ে, সেটিই ছবিতে তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, এই গল্পের সঙ্গে অনেক পরিবার নিজেদের মিল খুঁজে পাবে।
শুটিংয়ের ফাঁকে বর্তমান সময়ের বাংলা সিনেমা নিয়েও কথা বলেন তিনি। নতুন প্রজন্মের নির্মাতাদের উদ্দেশে তাঁর পরামর্শ, সাহিত্য বেশি পড়া উচিত। তাঁর মতে, একসময় বাংলা সিনেমার বড় শক্তি ছিল সাহিত্যনির্ভর গল্প।
ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করছেন সঙ্গীতা দাস। তিনি বলেন, এটি মা-মেয়ের দ্বন্দ্বের গল্প নয়। বরং ব্যস্ত জীবনের কারণে দুই প্রজন্মের মধ্যে তৈরি হওয়া অদৃশ্য দূরত্বের গল্প। সেই দূরত্ব কমে আসার যাত্রাই ছবির মূল আকর্ষণ।
গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে। তিনি মাধবীর প্রতিবেশীর ভূমিকায় অভিনয় করছেন। বয়সের শেষ পর্বে দুই নিঃসঙ্গ মানুষের বন্ধুত্ব ও পারস্পরিক নির্ভরতার গল্পও ছবিতে গুরুত্ব পেয়েছে।
অনেক দিন পর পরিচালনায় ফিরেছেন শ্যামল বসু। সম্পর্ক, আবেগ ও জীবনের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘দূরত্ব’। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
