২৪ঘণ্টা অনলাইন: আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা, উন্নয়ন ও মানবসম্পদ বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’ তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতেই এবারের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা এবং তরুণদের সম্ভাবনা বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও এতে অংশ নেবেন।
দিবসটি ঘিরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
উল্লেখ্য, জনসংখ্যা সংক্রান্ত বিষয়ে বৈশ্বিক সচেতনতা সৃষ্টি এবং এ খাতে জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর ১৯৯০ সালে বিশ্বের ৯০টি দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।
