২৪ঘন্টা অনলাইন: ঢাকায় টানা বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর ১২ জুলাই সকালেও থামেনি বর্ষণ। ফলে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
সকাল থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও, শাহবাগসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে বাসস্ট্যান্ডগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি। বাস এলেই যাত্রীদের মধ্যে ওঠার প্রতিযোগিতা শুরু হয়, অনেকেই কয়েকটি বাস ছেড়েও উঠতে পারেননি।
বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে নগরবাসীকে।
সরেজমিনে দেখা গেছে, ছাতা হাতে কিংবা ভেজা অবস্থায় অসংখ্য যাত্রী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। বাসে আসন পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে যাত্রা করাও কঠিন হয়ে পড়েছে। নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিজনিত ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
