২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা ১২ জুলাই বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা জানিয়েছে, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সংসদ ভবন এলাকায় নির্ধারিত স্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও পৃথক শোকবার্তায় সাবেক স্পিকারের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
