২৪ঘন্টা অনলাইন: জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস নিজের কনসার্টের মঞ্চেই দিলেন জীবনের নতুন অধ্যায়ের সুখবর। দিল্লিতে অনুষ্ঠিত এক লাইভ কনসার্টে ভক্তদের সামনে বাগদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পরিচয় করিয়ে দেন তার হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে।
শনিবার রাজধানী দিল্লিতে শুরু হয়েছে জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। কনসার্টে গান পরিবেশনের ফাঁকে হঠাৎই হাতে থাকা আংটি দেখিয়ে বাগদানের খবর জানান এই শিল্পী। পরে মঞ্চে ডাকেন শেখর চৌধুরীকে।
আবেগঘন মুহূর্তে জেসমিন বলেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই আমার জীবনের বিশেষ মানুষ।”
তার এমন ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা। বাগদানের খবর জানানোর পর শেখরকে জড়িয়ে ধরেন জেসমিন। পাল্টা প্রতিক্রিয়ায় শেখরও তাকে কোলে তুলে নেন। মুহূর্তটি দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে।
জেসমিনের ভারত সফরের প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয় নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে। এই ট্যুরের পরবর্তী আয়োজন হবে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে।
‘কিক’ সিনেমার জনপ্রিয় গান ‘ইয়ার না মিলে’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া জেসমিন স্যান্ডলাস সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ ও ‘যাইয়ে সজনা’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন। বিশেষ করে ‘শরারত’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা ও তারকাখ্যাতি এনে দিয়েছে।
