শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এইচএসসি পরীক্ষা স্থগিত চায় ছাত্রদল

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ১০:১৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশে চলমান বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সব বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

১৩ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্তত সাতটি জেলায় পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে লাখো পরীক্ষার্থী নিরাপত্তা ঝুঁকি, মানসিক চাপ এবং যাতায়াত সংকটে পড়েছে। বন্যাকবলিত এলাকায় বিপুলসংখ্যক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ছাত্রদল জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র পর্যন্ত পৌঁছানো কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত থাকলে মেধার সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হতে পারে এবং সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হবে।

সংগঠনটির নেতারা বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখাই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করে পরীক্ষা নেওয়া যেতে পারে।

তারা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এদিকে, বন্যাকবলিত এলাকার মানুষকে সহায়তা করতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্যোগ মোকাবিলায় অংশ নিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন