শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাদক চক্রের মূলরা অধরাই: রুমিন

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ১০:৩১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মাদকবিরোধী অভিযানে মূল হোতাদের পরিবর্তে কেবল বাহক বা বহনকারীরাই বারবার গ্রেপ্তার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা কিংবা তাদের পরিবারের সদস্যরা উল্টো সংসদ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন।

১৩ জুলাই জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিবেদনে যাদের নাম মাদক ব্যবসার মূল হোতা হিসেবে উঠে আসে, তাদের অনেকেই ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি অবস্থান করেন। ফলে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, “টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা দিয়ে যাদের হাত ধরে মাদক দেশে প্রবেশ করছে, সেই মূল হোতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত শুধু কঠোর আইন করে সমস্যার সমাধান হবে না।”

সংসদ সদস্য আরও বলেন, ২৫ গ্রামের বেশি মাদক উদ্ধার হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান থাকলেও নিয়মিত বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক উদ্ধার হচ্ছে। কিন্তু এসব চক্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা খুব কমই দেখা যায়।

এর আগে গত ২৭ জুন বাজেট অধিবেশনে মাদক চোরাচালান ও তা দমনে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, দেশে মাদক প্রবেশের পথ ও সংশ্লিষ্ট চক্র সম্পর্কে বিভিন্ন সময়ে নানা তথ্য সামনে এলেও সমস্যা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “কেবল আইন প্রণয়ন করলেই অপরাধ দমন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কার্যকর প্রয়োগ, রাজনৈতিক সদিচ্ছা এবং দৃঢ় অবস্থান।”

তিনি আরও বলেন, মাদকাসক্তি বর্তমানে বাংলাদেশের জন্য বড় সামাজিক ও জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেও সীমান্তপথে মাদক প্রবেশ পুরোপুরি বন্ধ করা না যাওয়াকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন