২৪ঘন্টা অনলাইন: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামসহ বন্যাকবলিত এলাকার মানুষের জন্য তিনি আর্থিক সহায়তা প্রদান করেছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা বর্তমানে বন্যায় আক্রান্ত। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রাণহানির সংখ্যাও অর্ধশত ছাড়িয়েছে।
এই পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো উদ্বেগ প্রকাশ করেছেন তৌসিফ মাহবুবও। শুধু উদ্বেগেই সীমাবদ্ধ না থেকে তিনি বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন।
জানা গেছে, মোহাম্মদ ইমন নামের এক তরুণ স্বেচ্ছাসেবক চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ নিজ উদ্যোগে তার সঙ্গে যোগাযোগ করেন এবং আর্থিক সহায়তা দেন।
গণমাধ্যমকে ইমন জানান, তারা কয়েকজন মিলে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণের প্রস্তুতি নিয়েছেন। প্রায় এক হাজার মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।
তবে নিজের সহায়তার বিষয়টি প্রচার করতে আগ্রহী নন তৌসিফ মাহবুব। তার মতে, দুর্যোগের সময় সামর্থ্যবান সবারই মানুষের পাশে দাঁড়ানো উচিত।
ফেসবুকে দেওয়া এক বার্তায় অভিনেতা লিখেছেন, “মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।”
উল্লেখ্য, চলমান বন্যা পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা সচেতনতা বৃদ্ধি ও ত্রাণ সহায়তার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। এর আগেও ২০২৪ সালের বন্যার সময় শিল্পীরা সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
