২৪ঘণ্টা অনলাইন : বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী বলেছেন, তার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ হলে তার চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন উপযুক্ত পছন্দ হতে পারেন।
চলচ্চিত্রে নিজের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হেমা মালিনী বলেন, ‘তিনি চাইলে অবশ্যই এই চরিত্রে অভিনয় করতে পারেন। যে কেউ করতে পারে। দীপিকা একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী।’
হেমা মালিনী ও দীপিকা পাড়ুকোনের মধ্যে দীর্ঘদিনের একটি বিশেষ যোগসূত্র রয়েছে।
২০১৫ সালে রাম কমল মুখার্জির লেখা হেমা মালিনীর জীবনীগ্রন্থ ‘হেমা মালিনি : বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা।
এ ছাড়া দীপিকার অভিষেক চলচ্চিত্র ওম শান্তি ওম-এ তিনি ‘শান্তিপ্রিয়া’ চরিত্রে অভিনয় করেন, যাকে ‘ড্রিমি গার্ল’ বলা হয়েছিল। অন্যদিকে, হেমা মালিনী দীর্ঘদিন ধরেই বলিউডে ‘ড্রিম গার্ল’ নামে পরিচিত। এই মিলকেও তাদের বিশেষ সংযোগের একটি দিক হিসেবে দেখা হয়।
চলচ্চিত্রে ৬০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেমা মালিনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হেমা মালিনী ১৯৬৮ সালে স্বপ্নো কা সৌদাগর চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর শোলে, সীতা অউর গীতা, ড্রিম গার্ল, সত্তে পে সত্তা ও বাগবানসহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন।
