শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাকার জলাবদ্ধতায় অচল অবকাঠামো

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৯:৪৬ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রাজধানীতে অল্প বৃষ্টিতেই সড়ক ডুবে যাচ্ছে। প্রধান সড়কের পানি দ্রুত নামলেও অলিগলিতে তা আটকে থাকে দিনের পর দিন। টানা বর্ষণে এবারও একই চিত্র দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অকার্যকর স্লুইসগেট, বিকল পাম্প ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই জলাবদ্ধতার প্রধান কারণ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বৃষ্টির পানি নদীতে নামানোর ৪১টি স্লুইসগেটের মধ্যে সচল আছে মাত্র ১৯টি। বাকি ২২টির মধ্যে ৬টি পুরোপুরি অচল। ১৬টি আংশিক চালু থাকলেও কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নেই।

পানি নিষ্কাশনের আটটি প্রধান আউটলেটের একটি বড় পাম্প দীর্ঘদিন ধরে বিকল। অন্য পাম্পগুলোও পূর্ণ সক্ষমতায় চলছে না। ড্রেন পরিষ্কারের পাঁচটি সাকার মেশিনের একটি নষ্ট হয়ে পড়ে আছে। এ ছাড়া দুই সিটির আওতাধীন ২৬টি খালের অনেকগুলোই নাব্যতা ও পানি বহনের সক্ষমতা হারিয়েছে।

দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় আড়াই কোটির বেশি মানুষের বসবাস। অথচ পুরো নগরীর বৃষ্টির পানি নিষ্কাশন নির্ভর করছে মাত্র আটটি আউটলেটের ওপর। নগর বিশেষজ্ঞদের মতে, এত বড় শহরের জন্য এ ব্যবস্থা একেবারেই অপর্যাপ্ত।

কমলাপুরের টিটিপাড়া পাম্প স্টেশনের তিনটি বড় পাম্পের মধ্যে একটি প্রায় দেড় বছর ধরে বিকল। নতুন পাম্প কেনার প্রক্রিয়া শেষ হলেও চলতি বর্ষায় সেটি চালু করা সম্ভব হয়নি।

প্রকৌশলীরা জানান, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে অনেক স্লুইসগেটের যান্ত্রিক অংশ নষ্ট হয়ে গেছে। নদীতে জোয়ারের সময় স্লুইসগেট বন্ধ রাখতে হয়। তখন পাম্পের ওপর নির্ভর করতে হয়। কিন্তু পাম্পও পুরোপুরি সচল না থাকায় পানি দীর্ঘ সময় আটকে থাকে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, বর্তমান ঢাকার জন্য বিদ্যমান আউটলেট ও স্লুইসগেট যথেষ্ট নয়। দ্রুত অচল স্লুইসগেট মেরামত, নতুন আউটলেট নির্মাণ এবং দীর্ঘমেয়াদি ড্রেনেজ পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজিব খাদেম বলেন, ড্রেনে পলিথিন, প্লাস্টিক ও কঠিন বর্জ্য জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে অকার্যকর স্লুইসগেট, বিকল পাম্প ও দীর্ঘ পানি প্রবাহের পথ জলাবদ্ধতা বাড়াচ্ছে। এসব সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্লুইসগেট মেরামত, পাম্পের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জলাবদ্ধতা কমাতে ড্রেন ও নালা পরিষ্কার রাখা হচ্ছে। প্রয়োজনীয় এলাকায় পাম্প ও জনবল মোতায়েন করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...