শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ায় বিক্ষোভ

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৫:২১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নের মান নিয়ে অসন্তোষ এবং পরীক্ষার সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বগুড়ায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল। এ সময় তারা  ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগান দেন।

১৪ জুলাই বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের শিক্ষার্থীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা এলাকায় অবস্থান নেন। আন্দোলনের একপর্যায়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষাব্যবস্থার নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।

বিক্ষোভকারীরা বলেন, বন্যাকবলিত অঞ্চলের পরীক্ষাগুলো নতুন করে নির্ধারণ করতে হবে এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত আক্তার বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দুর্ভোগ বিবেচনায় নেওয়া উচিত ছিল।

সরকারি শাহ সুলতানা কলেজের শিক্ষার্থী হাসিব মাহমুদ বলেন, প্রশ্নপত্রের মান ও পরীক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা শিক্ষা ব্যবস্থাপনায় আরও বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ দেখতে চান।

বিক্ষোভ চলাকালে সাতমাথা মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...