শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মেট্রোরেল বিজ্ঞাপন খাতে কর অস্পষ্টতা দূরের দাবি

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৬   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’—এ নিয়ে বিদ্যমান করসংক্রান্ত অস্পষ্টতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপ চেয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড।

সম্প্রতি এনবিআরের কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের কার্যক্রমকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে বিবেচনা করা উচিত। কারণ এটি কোনো স্থাবর সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়, বরং নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার একটি বাণিজ্যিক সেবা।

এনবিআর সূত্রে জানা গেছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন পরিচালনার জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে অ্যানেক্স কমিউনিকেশনস। তবে বিদ্যমান ভ্যাট আইন ও সংশ্লিষ্ট এসআরওর ব্যাখ্যা নিয়ে মতভেদের কারণে কর নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে বিজ্ঞাপন সংস্থার কোনো স্থায়ী মালিকানা বা একচেটিয়া নিয়ন্ত্রণ থাকে না। এটি মূলত একটি বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে নির্দিষ্ট শ্রোতা বা যাত্রীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার সেবা।

প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতের মেট্রোরেল ব্যবস্থায় এ ধরনের কার্যক্রমকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই গণ্য করা হয় এবং সেই অনুযায়ী কর আরোপ করা হয়।

অ্যানেক্স কমিউনিকেশনস আরও বলেছে, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ এবং ‘বিজ্ঞাপন সেবা’র ওপর ভ্যাটের হার এক নয়। ফলে আয় কোন শ্রেণিতে পড়বে তা নিয়ে অনিশ্চয়তা ব্যবসা পরিচালনা ও কর পরিশোধে জটিলতা তৈরি করছে।

তাদের মতে, এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও নীতিগত সিদ্ধান্ত এলে মেট্রোরেলের বিজ্ঞাপন খাত আরও সম্প্রসারিত হবে, পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনাও হবে আরও স্বচ্ছ ও কার্যকর।

করসংক্রান্ত এই অস্পষ্টতা দূর করতে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা ও নীতিমালা প্রণয়নের জন্য এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন