২৪ঘন্টা অনলাইন: পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ছবিটি মুক্তির মাত্র পাঁচ দিনেই ১ কোটি রুপির বেশি আয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
২০২৩ সালের সফল ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল হিসেবে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সম্পর্ক, আবেগ ও জীবনের জটিল বাস্তবতার গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছে। মুক্তির পর থেকেই ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ জুলাই মুক্তির দিনে ছবিটির আয় ছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। সপ্তাহান্তে সেই আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শনিবার ছবিটি আয় করে ২৩ লাখ ৫৩ হাজার রুপি এবং রবিবার সংগ্রহ করে ৩৫ লাখ ১৭ হাজার রুপি। এরপর সোমবারও আয় ছিল ১৩ লাখ রুপির বেশি। মঙ্গলবার আরও ১৬ লাখ রুপি যোগ হওয়ায় পাঁচ দিনের মোট আয় ১ কোটি রুপির গণ্ডি পেরিয়ে যায়।
ছবিটির গল্পে রয়েছে একাধিক চমকপ্রদ মোড়, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। এ কারণেই নির্মাতা ও অভিনয়শিল্পীরা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন কেউ প্রেক্ষাগৃহে ভিডিও ধারণ না করেন এবং গল্পের গুরুত্বপূর্ণ অংশ অন্যদের কাছে প্রকাশ না করেন।
ছবিতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন। তিন অভিনয়শিল্পীর শক্তিশালী অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করছে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়সহ আরও অনেকে।
বক্স অফিসে ধারাবাহিক সাফল্য এবং ইতিবাচক দর্শক প্রতিক্রিয়ার কারণে আগামী দিনগুলোতে ছবিটির আয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
