২৪ঘন্টা অনলাইন: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার খেলা দেখার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ চলাকালে ২ নম্বর গেট এলাকায় জনসমাগমের মধ্যে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
সোহেল রানা আরও জানান, চিকিৎসাধীন আসাদুল হক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
