শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মেসিদের জয়ে সামাজিক মাধ্যমে তারকাদের উল্লাস

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৬   ০১:১০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা, আবেগ আর শুভকামনায় ভরে উঠেছে তাদের পোস্ট।

অভিনেতা চঞ্চল চৌধুরী বরাবরের মতো রসিক ভঙ্গিতেই উদযাপনে শামিল হয়েছেন। বাংলা সিনেমার একটি জনপ্রিয় দৃশ্যের মিম শেয়ার করে তিনি পরাজিত ইংল্যান্ডকে উদ্দেশ করে মজার মন্তব্য করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, “বিজয় উদযাপন পরে করো, আগে পরাজিতদের সান্ত্বনা দাও।”

অভিনেত্রী পূর্ণিমা আর্জেন্টিনার জয়কে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। এখন শেষ লড়াইয়ের অপেক্ষা।”

ম্যাচের আগে দেওয়া প্রতিশ্রুতির কারণে আলোচনায় ছিলেন অভিনেত্রী পরীমণি। তিনি বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”

দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রী নাদিয়া আহমেদও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, নানা বাধা ও চাপ সামলে দুর্দান্ত খেলেই ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। প্রিয় দলের জয় উদযাপন করে তিনি ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগানও দেন।

সংগীতশিল্পী বালাম, যিনি সাধারণত ব্যক্তিগত বা ক্রীড়াবিষয়ক পোস্ট কম করেন, তিনিও আনন্দ লুকিয়ে রাখতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।”

অভিনেত্রী শাহনাজ খুশী আর্জেন্টিনার জয়কে স্বাগত জানিয়ে লেখেন, “সব সমালোচনা ও অপপ্রচার উপেক্ষা করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে।”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার পক্ষে সরব থাকা অভিনেতা ইরফান সাজ্জাদও জয়ের পর ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের উদ্দেশে মজার মন্তব্যও করেন।

অন্যদিকে অভিনেত্রী কেয়া পায়েল সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, “আর্জেন্টিনা, তুমি একটা বিউটি।”

আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন। এখন তাদের সবার চোখ ফাইনালের দিকে, যেখানে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে মেসিদের দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন