২৪ঘন্টা অনলাইন : ঝিনাইদহ জেলা শহরের প্রবেশদ্বারে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কে বা কারা এটি ভাঙছে, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঝিনাইদহ শহরের প্রবেশমুখে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্য অপসারণের কাজ চলছে। তবে শুরুতে কেন এটি ভাঙা হচ্ছে এবং কার নির্দেশে হচ্ছে—এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছেও স্পষ্ট তথ্য ছিল না। এতে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
পরে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, জেলা প্রশাসন ভাস্কর্যটি ভাঙছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং পৌরসভার সমন্বয়ে অনেক আগেই চত্বরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, বর্তমানে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নতুন প্রতিকৃতি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ভাস্কর্য অপসারণের আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তাদের মতে, এটি একজন জাতীয় বীরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালের দিকে চত্বরটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভাস্কর্যের কাজ শেষ হয়নি। দীর্ঘদিন অবহেলায় থাকায় এটি জরাজীর্ণ অবস্থায় ছিল।
