২৪ঘন্টা অনলাইন : বাংলা ভাষায় খুব সাবলীল নন। তবে নিজের শিকড় নিয়ে গর্বিত বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা ছবি দেখেন কি না। প্রশ্ন শুনে কিছুটা অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। পরে মাথা নেড়ে বলেন, ‘না।’ তবে বাংলা ছবিতে অভিনয় করতে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
কাজলের মা তনুজা একসময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি নাএমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন তাঁর দেখানো পথেই হেঁটেছি।’
শাহরুখ খান থেকে সালমান খান বলিউডের প্রায় সব শীর্ষ অভিনেতার সঙ্গে কাজ করেছেন কাজল। তাঁকে অনেকেই শৃঙ্খলাপরায়ণ বলে মনে করেন। এ বিষয়ে কাজল বলেন, ‘আমি সময় মেনে চলতে ভালোবাসি। বলিউডে খুব কম মানুষই সময়মতো শুটিং সেটে আসেন। আমি তাদের একজন। আবার কাজ শেষ হলে সময়মতো সেট থেকেও বেরিয়ে যাই। এটাই আমার স্বভাব।
সূত্র : আনন্দবাজার
