শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ০৭:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে বড় পরিকল্পনা হাতে নিয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে লিজে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বিমানের বহরে ধাপে ধাপে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও এর মধ্যে তিনটি সাময়িকভাবে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ২৯-এ পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এই বহর সম্প্রসারণ পরিকল্পনা সম্প্রতি বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি থেকে আলাদা। বোয়িংয়ের কাছ থেকে কেনা উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ পাওয়ার কথা। ফলে মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক রুটে যাত্রী চাহিদা ও নতুন গন্তব্যে সেবা চালুর লক্ষ্যে লিজ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রাথমিকভাবে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়িয়ে ১০টি পর্যন্ত করা হতে পারে।

তার ভাষায়, “আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং ফ্লাইট সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আমরা দ্রুত উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এ বছরের মধ্যেই সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠানকে পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হবে।

এদিকে বিমান ইতোমধ্যে ছয় বছরের জন্য ড্রাই লিজে তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এসব উড়োজাহাজ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। চুক্তির আওতায় ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর বিমানকে ১০টি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। প্রস্তাবিত উড়োজাহাজের মধ্যে রয়েছে ৬টি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৪টি এ৩২১ নিও ন্যারোবডি এয়ারক্রাফট।

বিমান সূত্র জানিয়েছে, এয়ারবাসের প্রস্তাব বর্তমানে কারিগরি, আর্থিক ও পরিচালনাগত দিক থেকে পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো কাজ করছে এবং শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।

সম্প্রতি এয়ারবাসের প্রস্তাব পর্যালোচনার অনুরোধ নিয়ে বাংলাদেশে নিযুক্ত কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বৈঠকও করেছেন।

বিমান সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং নতুন রুট চালু করার সুযোগ তৈরি হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন