শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফেনীতে ৪০ সেকেন্ডের টর্নেডো লন্ডভন্ড পুরো গ্রাম

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ১০:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ফেনীর সোনাগাজীতে প্রায় ৪০ সেকেন্ডের একটি আকস্মিক টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে একটি গ্রামের ৩৫টি পরিবার। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিক হিসাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিকট শব্দ তুলে টর্নেডোটি গ্রামে আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায় এবং শতাধিক গাছপালা ভেঙে পড়ে। এ ছাড়া ছোট-বড় প্রায় ২০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঝড়ের তীব্রতায় ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার ছিটকে দূরে গিয়ে পড়ে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে স্থানীয়রা জানিয়েছেন, টর্নেডোতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। বসতঘর, গাছপালা ও বিদ্যুৎ–সংযোগ হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্ভোগে পড়েছে।ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন বলেন, তার ৭০ বছরের জীবনে এত ভয়াবহ টর্নেডো তিনি আর দেখেননি। চোখের পলকে যেন সবকিছু তছনছ হয়ে গেছে।
 
ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন। তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা দেখেছেন। তাঁদের জরুরি সরকারি সহায়তার আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন। জেলা প্রশাসনের একটি সভায় থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা দেরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...