শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কার্যকর হবে

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৬   ১১:৫২ পিএম
webnews24

যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া ঐকমত্যও অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন।

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রথম পাঁচ মাসে নানা জরুরি কাজ ও অগ্রাধিকারের কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ সম্ভব হয়নি। তবে এখন থেকে যত দ্রুত সম্ভব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্য থেকে সরকার রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকারও যথাযথভাবে পালন করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও যুগপৎ জোটগত সমন্বয় থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সুযোগ নেই। তবে রাজনৈতিক বিষয়গুলোতে শরিকদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ধারা অব্যাহত থাকবে।

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠককে ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা ও রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন