শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাটের ব্যাগ বিতরণে সরকারি উদ্যোগ

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৬   ১২:২৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশের শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব ও মানসম্মত পাটের স্কুল ব্যাগ পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ করা হবে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

২০ জুলাই বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির পাটের ব্যাগ উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতি বিদ্যালয়ে গড়ে ২০০ জন শিক্ষার্থী ধরে পাইলট পর্যায়ে প্রায় ৯৯ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পাটের ব্যাগ দেওয়া হবে।

তিনি জানান, প্রকল্পের জন্য ৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়েছে। তাদের উৎপাদিত ব্যাগ জেডিপিসি পিএলসির মাধ্যমে সংগ্রহ ও বিতরণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীরা মানসম্মত ব্যাগ পাবে, অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও পাটশিল্পের প্রসারও ঘটবে।

পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনও প্রয়োজনীয় পাটবীজের একটি অংশ আমদানি করতে হয়। পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি পাটচাষিদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা এবং পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নদী, খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক এলাকায় পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিয়েছে। এতে পাটের গুণগত মান ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে পাটচাষ ও পাটশিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন