শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হচ্ছেন সিয়াম

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ১২:৫৭ পিএম
webnews24

বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। এর অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তার নিয়োগের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি (এগ্রিমো) চেয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত সপ্তাহে এগ্রিমোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। অনুমোদন মিললেই আসাদ আলম সিয়ামের দিল্লিতে দায়িত্ব গ্রহণের পথ উন্মুক্ত হবে।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ তিন দশকের কূটনৈতিক অভিজ্ঞতায় তিনি বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ কূটনীতিক হিসেবে পরিচিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত এবং ইতালির মিলানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমন সময়ে এই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে পুনর্বিন্যাসের একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করতে উভয় পক্ষই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান এবং দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে এবং কিছু যাত্রীবাহী বাস সার্ভিসও আবার চালু হয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগও বেড়েছে।

এদিকে আসাদ আলম সিয়ামের সম্ভাব্য দিল্লি যাত্রার খবরের পাশাপাশি পররাষ্ট্র সচিব পদে নতুন নিয়োগ নিয়েও জোর আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া নোমান চৌধুরী নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চলতি মাসে একাধিক গণমাধ্যমেও তার সম্ভাব্য নিয়োগের খবর প্রকাশিত হয়েছে।

কূটনৈতিক মহলের মতে, দিল্লিতে অভিজ্ঞ কূটনীতিক আসাদ আলম সিয়ামের নিয়োগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন বাংলাদেশ-ভারত সম্পর্কের আগামী অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন