শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বন্যার্তদের জন্য গান গাইবেন রুনা লায়লা

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ০৯:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

আগামী ২৪ জুলাই রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা’ শীর্ষক সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ আয়োজনে জনপ্রিয় নানা গান পরিবেশন করবেন উপমহাদেশের খ্যাতিমান এই শিল্পী।

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে এই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন রুনা লায়লা। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিট তিনটি শ্রেণিতে পাওয়া যাবে। প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

টিকিট সংগ্রহে আগ্রহীরা আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগে যোগাযোগ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

সংগীতপ্রেমীদের জন্য এটি যেমন এক বিশেষ আয়োজন, তেমনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোরও একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন