২৪ঘণ্টা অনলাইন : দিল্লিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর অবস্থানের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি দিল্লি পুলিশ ও রাজনৈতিক নেতাদের সমালোচনা করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে অরিজিৎ সিং লেখেন, “শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? আর নেতা-মন্ত্রীদের বলছি, এসব কী হচ্ছে? আপনারা কি নিজেদের ঈশ্বর মনে করছেন?”
শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তিনি। পরবর্তী অংশে অরিজিৎ লেখেন, “সবকিছু মানুষ মনে রাখবে। পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।”
তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন। আন্দোলন ও পুলিশি পদক্ষেপ নিয়ে বলিউড তারকাদের নীরবতার মধ্যেই অরিজিতের সরব অবস্থান বিশেষভাবে আলোচিত হচ্ছে।
এদিকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায়ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
দিল্লির চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
