শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আইসিইউ থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অস্ত্রোপচারের পর কিছু সময় তাকে আইসিইউতেও থাকতে হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি হাসপাতালে সম্প্রতি অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে শরীরের কোন অংশে অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।

নিজের ব্লগে অস্ত্রোপচারের পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরে অমিতাভ জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরলেও সুস্থতার পথ এখনও সহজ নয়।

তিনি লেখেন, “অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে আইসিইউতে ছিলাম। এখন বাড়িতে ফিরেছি, কিন্তু পুনরুদ্ধারের এই সময়টাই সবচেয়ে কঠিন। শারীরিক ও মানসিকভাবে নিজেকে অনেকটা ক্লান্ত মনে হচ্ছে।”

জীবনের এই কঠিন সময়কে একটি প্রতীকী উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে অভিনেতা বলেন, একজন চ্যাম্পিয়নের জন্য পরাজয়ের মুখোমুখি হওয়াও বড় চ্যালেঞ্জ। তবে প্রতিকূল পরিস্থিতিতে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অমিতাভ লিখেছেন, “কেউ সাহস নিয়ে পরিস্থিতির মোকাবিলা করেন, আবার কেউ ভেঙে পড়েন। যারা লড়াই চালিয়ে যান, তারাই শেষ পর্যন্ত বিজয়ী হন। তাই সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।”

৮৩ বছর বয়সেও বলিউডে সমানভাবে সক্রিয় রয়েছেন অমিতাভ বচ্চন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

তার অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন