২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার মতে, বিভিন্ন দেশে ভিসা জটিলতা তৈরি হওয়ার অন্যতম কারণ হলো অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার প্রবণতা এবং জাল কাগজপত্রের ব্যবহার। ২৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভিসা সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ভিসা ইস্যুতে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। এসব সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে।
তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে, যাতে ভিসা প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দ্রুত দূর করা যায়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ না পেয়ে অনেকেই দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এ ধরনের ঘটনায় অনেক সময় জাল বা ভুয়া কাগজপত্র ব্যবহার করা হয়, যা সংশ্লিষ্ট দেশগুলোর কাছে বাংলাদেশের আবেদনকারীদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি করে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, মধ্যপ্রাচ্যসহ যেসব দেশে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, সেসব বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। এসব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব না হলেও সরকার ধাপে ধাপে সমাধানের লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।
