২৪ঘণ্টা অনলাইন : সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দাবি, রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আর কোনো সাংবিধানিক বাধা নেই।
২৪ জুলাই সন্ধ্যায় রাজধানীতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতার বিষয়টি তুলে ধরা হলেও সেখানে এমন কিছু বক্তব্য যুক্ত করা হয়েছে, যা তার জন্য ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরি করতে পারে। তিনি অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদে থাকাকালে আইনগত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না হলেও পদত্যাগের পর সেই বাধা আর নেই। তাই সরকারকে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্পর্কের অবনতি হওয়ার কারণেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন বলে তাদের ধারণা।
হান্নান মাসউদ বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিরোধিতা করে এনসিপি সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ জানিয়েছিল। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের পাশাপাশি নিহতদের স্বজনরাও এ বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, ওই ঘটনার প্রতিবাদে এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন।
এনসিপির নেতারা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন।
