শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থী আন্দোলনে ভিন্ন সুর সালমানের

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ১২:৩৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড সুপারস্টার সালমান খান। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সেই আস্থার জায়গা থেকেই শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এই অভিনেতা।

তিনি আরও বলেন, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হয়ে সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করা উচিত।

এর আগে বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান প্রশ্নফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। সে সময় তিনি আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এই আন্দোলনের কৃতিত্ব শুধুই শিক্ষার্থীদের।

সালমানের ভাষ্য, শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া প্রশংসনীয়। তবে আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, প্রশ্নফাঁস শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুতর সংকট। তাই শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এর আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ উল্লেখযোগ্য। তারা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন