শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অর্থনীতি চাপে, বললেন মির্জা ফখরুল

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ০৯:১০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : দুর্নীতি, অর্থ পাচার আর দীর্ঘদিনের অনিয়ম।

এসব কারণেই দেশের অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে তিনি আশাবাদী। বলেছেন, জনগণের শক্তি আর নতুন সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, অর্থনীতি পুনর্গঠন, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতকে কার্যকর করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্প, কৃষি ও সৃজনশীল অর্থনীতির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বাজেটে বিনিয়োগ ও শিল্পায়ন উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কারে ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ চলছে।

আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈশ্বিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে হবে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, জনগণের সাহস, ঐক্য ও কর্মদক্ষতায় বাংলাদেশ একটি উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন