শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকার অনিয়ম!

প্রকাশিত - ২৫ জুলাই, ২০২৬   ০৯:২২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : একটির পর একটি বিস্ফোরক তথ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটির বেশি টাকার অনিয়মের প্রমাণ মিলেছে।

শুধু অর্থ নয়, তদন্তে ১১১ জন শিক্ষক ও একজন অধ্যক্ষের নিয়োগও বিধিবহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে।

ডিআইএর প্রতিবেদনে উঠে এসেছে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজ, ঢাকা সিটি কলেজ এবং নরসিংদীর আছাদনগর ফাজিল মাদ্রাসার চাঞ্চল্যকর চিত্র।

সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে মোহাম্মদপুর মহিলা কলেজে। সেখানে প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত দল।

অভিযোগ আছে, বছরের পর বছর শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায় করা হয়েছে। অতিরিক্ত বেতন, কর ফাঁকি এবং আর্থিক অনিয়মের অভিযোগও এসেছে।

তদন্তে কলেজটির বর্তমান অধ্যক্ষের নিয়োগও বিধিসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা সিটি কলেজেও মিলেছে বড় অনিয়মের প্রমাণ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগে অনিয়ম রয়েছে। নিয়োগ বোর্ডে প্রয়োজনীয় প্রতিনিধিও অনেক ক্ষেত্রে ছিলেন না।

এ ছাড়া নগদ অর্থ ব্যয়, ভ্যাট-কর ফাঁকি এবং বিধিবহির্ভূতভাবে প্রায় ২ কোটি টাকার সিটিং অ্যালাউন্স নেওয়ার অভিযোগও এসেছে তদন্তে।

অন্যদিকে আছাদনগর ফাজিল মাদ্রাসায় জাল নিবন্ধন সনদ, অবৈধ নিয়োগ, সরকারি বেতন-ভাতা গ্রহণ এবং আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে।

তদন্তে সাত শিক্ষক-কর্মচারীর কাছ থেকে ৮৬ লাখ টাকার বেশি সরকারি কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ডিআইএর পরিচালক জানিয়েছেন, তিনটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

এখন সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। প্রশ্ন একটাই—তদন্তের পর এবার কি হবে দৃশ্যমান ব্যবস্থা?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন