২৪ঘন্টা অনলাইন : “মিয়ানমার সীমান্তের ৫০০ মিটার ভেতরে বিকট শব্দে কেঁপে উঠলো চারপাশ! ধোঁয়া সরতেই দেখা গেল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এক বাংলাদেশি যুবক, যার বাম পায়ের হাঁটুর নিচের অংশ আর নেই...”
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আব্দুল করিম নামে ২৫ বছরের এক তরুণ।
সহযোগীদের সাথে সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢোকার পরপরই এই ট্র্যাজেডির শিকার হন তিনি। বিস্ফোরণের বিকট শব্দে সঙ্গীরা আত্মগোপনে চলে গেলেও স্থানীয়রা জীবন বাজি রেখে তাকে উদ্ধার করেন।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া রোধে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
আরাকান আর্মি ও মিয়ানমার জান্তার সংঘাতের মধ্যে সীমান্তে পোঁতা এসব মাইন এখন নিরীহ বাংলাদেশিদের জীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে!
