২৪ঘন্টা অনলাইন : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। এবার নতুন একটি রাজকীয় ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে সোনালি রঙের মেটালিক শাড়ি ও ঐতিহ্যবাহী অলঙ্কারে এক অনন্য আভিজাত্যপূর্ণ রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে নিজের নতুন লুকের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অপু। বিশেষ করে তার স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে তিনি লেখেন, “আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।”
নিজের রূপান্তরের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপু আরও বলেন, “আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।”
প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসের অভিব্যক্তি, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং নান্দনিক স্টাইলিং ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বইছে। অনেকেই তার সৌন্দর্য, আভিজাত্য এবং স্টাইল সেন্সের ভূয়সী প্রশংসা করছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় অপু বিশ্বাস। বিভিন্ন সময় নতুন লুক ও ফটোশুটের মাধ্যমে ভক্তদের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে আলোচনায় থাকেন এই জনপ্রিয় অভিনেত্রী।
