শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বন্দরের চাপ কমাতে সিসিসিআইর প্রস্তাব

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০১:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম বন্দরের ওপর বাড়তি চাপ কমাতে নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার সংরক্ষণের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হস্তক্ষেপও চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

৩০ জুলাই চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক অর্থমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হলেও খালি কনটেইনারের দীর্ঘমেয়াদি সংরক্ষণের কারণে বন্দরের ইয়ার্ডে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে বন্দরের কার্যক্রম ও উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে।

চেম্বারের মতে, বর্তমানে বিদ্যমান লাইসেন্স নীতিমালার কারণে শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটররা নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার রাখতে পারেন না। ফলে বিপুলসংখ্যক খালি কনটেইনার বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপোতে জমে থেকে ধারণক্ষমতার ওপর চাপ বাড়াচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের আমদানি-রপ্তানি কাঠামোর ভারসাম্যহীনতার কারণে বিশেষ করে ২০ ফুট কনটেইনার দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, শ্রমিক কর্মবিরতি কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কনটেইনার ডেলিভারি ব্যাহত হলে বন্দরের ওপর চাপ আরও বেড়ে যায়।

চট্টগ্রাম চেম্বার জানায়, এ বিষয়ে এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার সংরক্ষণের অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। একই দাবি জানিয়েছে শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটররাও। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বের অনেক সমুদ্রবন্দর এবং প্রতিবেশী দেশগুলোতে নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও একই সুবিধা চালু করা হলে বন্দরের ওপর চাপ কমবে, লজিস্টিক ব্যবস্থাপনা আরও দক্ষ হবে এবং বৈদেশিক বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

এসব বিবেচনায় শিপিং এজেন্ট ও মেইন লাইন অপারেটরদের নন-বন্ডেড এলাকায় খালি কনটেইনার সংরক্ষণের অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম চেম্বার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন