শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘আন্ধার’-এ তুষির লুকে চমক

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৪:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই সিনেমাটির একটি দৃশ্যের ঝলক প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং চলাকালে মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট শেয়ার করেন রাফী। ছবিতে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্টিল নয়, বরং শুটিংয়ের সময় ধারণ করা একটি মুহূর্ত।

রাফী জানান, ‘আন্ধার’-এ নাজিফা তুষিকে দর্শক সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখতে পাবেন। তার ভাষায়, এই সিনেমায় তুষির উপস্থিতি হবে আগের যেকোনো চরিত্রের চেয়ে আরও বেশি আকর্ষণীয় ও রহস্যময়।

এর আগে নির্মাতা মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, আনুষ্ঠানিক প্রচারণার আগে তিনি ‘আনঅফিসিয়াল ফার্স্ট লিক’ প্রকাশ করবেন। সেই ঘোষণার পরই প্রকাশিত হয় তুষির এই প্রথম ঝলক, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

জানা গেছে, ‘আন্ধার’ একটি ভৌতিক ও রহস্যঘেরা গল্পের সিনেমা। দীর্ঘদিনের গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’-এর অভিজ্ঞতার আলোকে মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে চিত্রনাট্যের বুননে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। পাশাপাশি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন