২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১ বছর পূর্ণ করলেন। বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন ওমর সানী।
২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন ও ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।”
অভিনেতার এই পোস্ট অল্প সময়েই ভক্তদের নজর কাড়ে। কয়েক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শুভেচ্ছাবার্তা জমা পড়ে। অনুরাগীরা এই তারকা দম্পতির দীর্ঘ ও সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
ওমর সানী ও মৌসুমীর প্রথম পরিচয় ১৯৯২ সালে। তখন দুজনই চলচ্চিত্রে ক্যারিয়ারের শুরুতে ছিলেন। একটি নতুন সিনেমার বিষয়ে আলোচনার জন্য মৌসুমীর বাসায় বৈঠকে তাদের প্রথম দেখা ও পরিচয় হয়।
যদিও সেই ছবিতে একসঙ্গে কাজ করা হয়নি, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন তারা। শুটিং চলাকালে নানা ঘটনার মধ্য দিয়েই একসময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
পরবর্তীতে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় জুটি। দীর্ঘ তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক আজও অটুট।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের বিবাহবার্ষিকী একসঙ্গে উদযাপন করতে পারেননি তারা। তবে দূরত্ব তাদের ভালোবাসায় প্রভাব ফেলতে পারেনি। মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমেই একে অপরের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি।
