২৪ঘণ্টা অনলাইন : বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের বহুদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে ঘিরে একটি বিতর্কের জেরে অভিনেতাকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন কঙ্গনা, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, হৃতিক রোশন ও তার বর্তমান সঙ্গী সাবা আজাদের সম্পর্ক দেখে তিনি খুশি এবং তাদের জুটিকে ভালো মনে করেন। তবে অতীতের সম্পর্ক টেনে কোনো নারীকে পরোক্ষভাবে আক্রমণ বা কটাক্ষ করার সুযোগ তৈরি করা একজন তারকার জন্য শোভন নয় বলেও মন্তব্য করেন তিনি।
কঙ্গনার অভিযোগ, দীর্ঘদিন ধরে হৃতিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিদ্রূপ ও হয়রানি করা হচ্ছে। তার মতে, এ ধরনের আচরণের বিরুদ্ধে হৃতিকের প্রকাশ্যে অবস্থান নেওয়া উচিত।
কড়া ভাষায় কঙ্গনা লেখেন, “আগুনে ঘি ঢালা বন্ধ করুন এবং নিজের সঙ্গীকে বিব্রত করবেন না।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি নিয়ে হৃতিক দায়িত্বশীল ভূমিকা নেবেন।
বিতর্কের সূত্রপাত হয়, যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি এক পোস্টে দাবি করেন, হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া উচিত। ওই পোস্টের মন্তব্যে হৃতিক লেখেন, শুধু কাউকে অপছন্দ করার কারণে অন্য কারও পক্ষ নেওয়া সমাজের একটি বড় সমস্যা। তিনি আরও বলেন, পুরো ঘটনা ও সঠিক প্রেক্ষাপট সামনে আসার অপেক্ষায় থাকবেন।
একসময় প্রেমের সম্পর্কে থাকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের বিচ্ছেদের পর থেকেই তাদের মধ্যে নানা সময় প্রকাশ্য ও আইনি বিরোধ দেখা গেছে। সাম্প্রতিক এই মন্তব্য-পাল্টা মন্তব্য সেই পুরোনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।
