২৪ঘণ্টা অনলাইন : সরকারের নতুন সিদ্ধান্ত ও যোগদানের সময়সূচি ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা।
২ আগস্ট রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।
এর আগে আগস্টের মধ্যেই নিয়োগ ও পদায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে জলকামান ও ব্যারিকেড বসানো হলে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১৭৫ দিন পার হলেও এখনো তারা যোগদান করতে পারেননি। নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষ হলেও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে বলে জানান তারা।
এদিকে আন্দোলনের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। ২ অক্টোবর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। পাশাপাশি যথাসময়ে নিয়োগপত্র প্রদান এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
নতুন সিদ্ধান্ত প্রকাশের পর আন্দোলনকারীরা জানান, সরকারের ইতিবাচক পদক্ষেপ ও প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়। তবে দীর্ঘদিন ধরে যোগদান না হওয়ায় তারা আন্দোলনে নামেন।
