শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কারিগরি-ক্রীড়া শিক্ষায় অস্ট্রেলিয়ার আগ্রহ

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৬   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাংলাদেশের শিক্ষা খাতে কারিগরি, বৃত্তিমূলক ও ক্রীড়া শিক্ষার উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদারেও আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসাংস্কৃতিক বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইলসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি, শিল্প-একাডেমিয়া অংশীদারিত্ব এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় মাহ্দী আমিন সরকারের শিক্ষা সংস্কার কার্যক্রম তুলে ধরে বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কর্মসংস্থানমুখী শিক্ষা, বাধ্যতামূলক কারিগরি শিক্ষা, প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা, নতুন কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সম্প্রসারণ, দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষা সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

জুলিয়ান হিল বাংলাদেশের শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্রীড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে আরও শ্রমবাজার, দক্ষ জনশক্তির আন্তর্জাতিক চলাচল, গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং দুই দেশের দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন