২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ দেড় বছরের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসা শেষে সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দেশে পৌঁছান তিনি।
দেশে ফিরে বিমানবন্দরে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসায় সাড়া দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শরীরও ভালো আছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমার পক্ষ থেকেও সবার জন্য রইল আন্তরিক দোয়া।”
এই যাত্রায় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স, যিনি পুরো চিকিৎসাকালেও ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন।
ব্রেন টিউমার ধরা পড়ার পর গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এই বরেণ্য অভিনেতা। পরে একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ঝুঁকির কারণে অস্ত্রোপচারে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি।
অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হয় তাকে। এ সময় তিনি মোট ৬০টি কেমোথেরাপি গ্রহণ করেন।
বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা সিনেমায় স্থায়ী আসন গড়ে নিয়েছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
অভিনয়ের পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইলিয়াস কাঞ্চন। এ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।
তার সুস্থ হয়ে দেশে ফেরার খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা।
