শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আবেগঘন বার্তায় কুমার বিশ্বজিৎ

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৬   ১১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী এবার ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে জানালেন, মানুষের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের কাছে জানতে চান, তার গাওয়া কোন গানটি তাদের সবচেয়ে প্রিয়। সেই পোস্টে হাজারের বেশি মন্তব্যে ভক্তরা শতাধিক গানের নাম উল্লেখ করেন, যা শিল্পীকে গভীরভাবে স্পর্শ করেছে।

সোমবার দেওয়া এক ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ লেখেন, ভক্তদের উল্লেখ করা প্রায় ১২৫টি প্রিয় গানের মধ্যে ১০০টিরও বেশি ছিল চলচ্চিত্রের বাইরের মৌলিক গান। তিনি বলেন, এটি শুধু তার জন্য নয়, বরং সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্যও বড় সম্মান ও প্রাপ্তি।

শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “হয়তো আজীবন এই গানগুলো আপনাদের হৃদয়ে বেঁচে থাকবে। আর সেই ভালোবাসা নিয়েই একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন ভালোবাসা সঙ্গে নিয়ে বিদায় নেওয়াই পরম শান্তির।”

এই আবেগঘন বার্তার সঙ্গে তিনি নিজের জনপ্রিয় গান ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’-এর কিছু অংশও শেয়ার করেন। নকুল কুমার বিশ্বাসের লেখা গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

দীর্ঘ সংগীতজীবনে কুমার বিশ্বজিৎ ‘যেখানে সীমান্ত তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গান আজও নতুন-পুরোনো প্রজন্মের শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে নিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন