২৪ঘণ্টা অনলাইন : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে নির্দেশনা পাঠিয়েছে।
৩ আগস্ট মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আন্তঃমন্ত্রণালয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় এসব কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজন করতে হবে।
এই কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, সংস্কৃতি, প্রাথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশু বিষয়ক, যুব ও ক্রীড়া, তথ্য ও সম্প্রচার, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনও কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় করবে।
