রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

এনটিভিতে মম-দিনারের নতুন নাটক

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৬   ০৪:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে বুধবার (৫ আগস্ট) থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ-এর ছায়া অবলম্বনে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাকেশ বসু।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা ও তুষার খানসহ আরও অনেকে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে সাংবাদিক ও জনপ্রিয় কবি হাসান আরিফকে ঘিরে। বাবা-মায়ের একমাত্র সন্তান হাসানকে বাবার মৃত্যুর পর অনেক সংগ্রাম করে বড় করে তোলেন তার মা রেজোয়ানা। বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধা হাসানের কবিতার প্রেমে পড়ে, আর হাসানও আকৃষ্ট হন মেধার সরলতায়।

গল্পে নতুন মোড় আসে থিয়েটার সংগঠক জামিল হোসেনের মাধ্যমে। তার সঙ্গে পরিচয় হয় মমের, যিনি একজন দক্ষ আবৃত্তিশিল্পী এবং হাসানের কবিতার দীর্ঘদিনের ভক্ত। একসময় সম্পর্ক, ভালোবাসা, ঈর্ষা ও ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চরিত্রগুলো।

এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসেন হাসান। কিন্তু সেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকায় প্রভাবশালী একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে। মিথ্যা অভিযোগে হামলার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর থেকেই গল্প এগোতে থাকে নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে।

এনটিভি জানিয়েছে, ‘চাওয়া পাওয়া’ ধারাবাহিকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন