শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর উদ্বোধনে জুলাই জাদুঘর

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ১০:৫৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ৫ আগস্ট সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, বিভিন্ন নিদর্শন ও স্মারক পরিদর্শন করেন।

জাদুঘরটি উদ্বোধনের দিন বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামী ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

এর আগে ৪ আগস্ট সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের বিষয়টি জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে সেসব তুলে ধরতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

সংস্কৃতিমন্ত্রীর ভাষ্য, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনের প্রকৃত ইতিহাস, শহীদদের অবদান এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই প্রতিষ্ঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন