শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিজয়ের দিনে রিকশায় ঘুরেছেন বাঁধন

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ০৫:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, দিনটি ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর তিনি রিকশায় চড়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেছিলেন।

ঢাকা পোস্টের বিশেষ আয়োজনে স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন বলেন, ৫ আগস্টকে তিনি দুটি ভাগে দেখেন—সেনাপ্রধানের ভাষণের আগের সময় এবং পরের সময়।

তার ভাষ্য, সেদিন সকালে পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি বাসা থেকে বের হন। কারফিউ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরিবারের উদ্বেগ থাকলেও আন্দোলনের প্রতি দায়িত্ববোধ থেকেই রাজপথে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বাঁধন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত হেঁটে যান তিনি। চারদিক থেকে মানুষের ঢল নামতে দেখে একই সঙ্গে ভয়, উৎকণ্ঠা ও আশার অনুভূতি কাজ করছিল।

তিনি বলেন, দুপুরের দিকে সেনাপ্রধানের ভাষণের ঘোষণা আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন—এ খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর বিভিন্ন সড়কে শুরু হয় উল্লাস। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, আনন্দে কাঁদছিল এবং বিজয় উদযাপন করছিল।

বাঁধনের ভাষায়, এরপর তিনি এক রিকশাচালকের সহায়তায় শাহবাগ, শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। গণভবনের দিকে যাওয়ার চেষ্টা করলেও সেখানে পৌঁছাতে পারেননি। পরে খামারবাড়িতে সহযোদ্ধাদের সঙ্গে দেখা করে মোটরসাইকেলে এক্সপ্রেসওয়ে হয়ে বাসায় ফেরেন।

সেদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপন ছিল অবিস্মরণীয়। তার মতে, এমন মুহূর্ত জীবনে একবারই আসে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন