শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আতশবাজি নয়, ছিল গোলাগুলি: তাসরিফ

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ০৫:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতি ভাগ করে নিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি বলেন, বিজয়ের আনন্দের মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রথমে তিনি সেটিকে আতশবাজি মনে করলেও পরে বুঝতে পারেন, সেখানে গুলি চলছে।

ঢাকা পোস্টের বিশেষ আয়োজনে স্মৃতিচারণ করতে গিয়ে তাসরিফ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ৬টার দিকে তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি দেশের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, শিক্ষার্থী ও চাকরিজীবীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সংযম ও মানবিকতার আহ্বান জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের উদ্দেশে রওনা হন। মিরপুর-১০ এলাকায় পৌঁছে তিনি এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন। দুপুরে সেনাপ্রধানের ভাষণের ঘোষণা আসার পর তিনি বুঝতে পারেন, রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।

তাসরিফ জানান, বিকেলের দিকে সংসদ ভবন এলাকার পরিস্থিতি দেখতে যাওয়ার পথে মিরপুর-২ থানার সামনে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। তার থেকে অল্প দূরেই এক যুবক গুলিবিদ্ধ হন। হঠাৎ গুলির শব্দ শুনে প্রথমে তিনি সেটিকে আতশবাজির শব্দ মনে করেছিলেন। পরে বুঝতে পারেন, থানার সামনে গোলাগুলি চলছে।

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে তিনি পরিচিত এক সেনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

তাসরিফের ভাষ্য, সেদিন রাজধানীর সড়কে কোনো যানবাহন ছিল না। লাখো মানুষ হেঁটে চলাচল করছিল। তিনি কল্যাণপুর হয়ে সংসদ ভবন এলাকায় যান এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বন্ধুদের সঙ্গে মিলিত হন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নেন।

তবে রাতেও আতঙ্ক কাটেনি। বাসায় ফেরার পথে মিরপুর-১৩ এলাকায় আবারও গুলির শব্দ শুনতে পান তিনি। পরে জানতে পারেন, বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়া কিছু পুলিশ সদস্য আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়ছিল বলে খবর ছড়িয়ে পড়ে। একই দিনে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় বহু মানুষের প্রাণহানির ঘটনাও তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে উল্লেখ করেন তাসরিফ খান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন