শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডকুমেন্টারি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মন্তব্য

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের প্রতীক। তার ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্র পূর্ণাঙ্গ হতে পারে না।

৫ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, সেখানে আবু সাঈদের ছবি অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এরপর পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করা উচিত ছিল। এ ধরনের ঘটনা নিয়ে সংসদের মতো ওয়াকআউট করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এটি জনগণের নির্বাচিত সরকার। ভুল হলে জনগণ তা ধরিয়ে দেবে, আর সরকার তা সংশোধনের চেষ্টা করবে। তিনি যোগ করেন, বর্তমান সরকার অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আপত্তি জানালে কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন