২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
৬ আগস্ট ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের শেষ দিনে অ্যাডমিরাল কেলার লালবাগ কেল্লার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি সম্প্রতি পুনরুদ্ধার করা ঐতিহাসিক হাম্মামখানা পরিদর্শন করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতা ও ভূমিকা সম্পর্কে অবহিত হন।
তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। সফরকালে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা জোরদারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এবং দেশের জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্রগুলোর একটি।
