শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিন্না ঘাস ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ০৪:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিন্না ঘাসের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ আগস্ট সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ক্ষয়রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওর এলাকার সড়ক এবং সড়ক ও রেলপথের পাশে কংক্রিট বা জিও ব্লকের বিকল্প হিসেবে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।

উপস্থাপনায় তিনি বলেন, বিন্না ঘাস মাটির ক্ষয় রোধে কার্যকর, পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান হতে পারে। দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ঘাস ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এটি বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের বিষয়েও সভায় আলোচনা হয়।

প্রধানমন্ত্রী এ ধরনের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং নদীভাঙন প্রতিরোধে এর কার্যকারিতা যাচাই করে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন